শীঘ্রই বাংলাদেশের মানুষের সুদিন ফিরবেঃ জনাব তারেক রহমান

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
ছবিঃ শুভ বার্তা

 

আজ ৩০শে মে ২০২২ইং রোজ সোমবার ছিল বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বীরউত্তম ও বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী।

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আজ আয়োজন করে এক আলোচনা সভার। আর উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাবা ডা. জুবাইদা রহমান, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ বিএনপির সমন্বয়ক জনাব মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জনাব কয়সর এম আহমেদ সহ যুক্তরাজ্য বিএনপির সর্বশ্রেণীর নেতৃবৃন্দ এবং লন্ডনস্থ পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দও।

৩০শে মে ২০২২ইং রোজ সোমবার বিকেল ৫.০০ ঘটিকার সময় লন্ডনের “দ্যা রয়েল রিজেন্সি” হলরুমে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভা। আলোচনা সভাটি শুরুর বেশ আগে থেকেই যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সরব ও আন্তরিক উপস্থিতিতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে বিশাল বড় “দ্যা রয়েল রিজেন্সি” হলরুমটি। সবার সরব ও আন্তরিক উপস্থিতিতে খুবই উৎফুল্ল ও প্রাণবন্ত হয়ে উঠে পুরো আলোচনা সভাটি।

 

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান বলেছেন যে- “আমার প্রাণপ্রিয় পিতা ও গণমানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় আপনাদের এমন সরব উপস্থিতিই প্রমাণ করে যে আপনারা ওনাকে ও বিএনপিকে কতটুকু পছন্দ করেন। আপনাদের এ অকৃত্রিম ভালোবাসায় আমি সত্যিই খুবই মুগ্ধ ও অভিভূত।”

 

জনাব তারেক রহমান আরো বলেছেন যে- “আজকে এই মুহূর্তে সত্যিই বাংলাদেশের মানুষের মনে কোন সুখ নেই, শান্তি নেই, কথা বলার বাক স্বাধীনতা নেই, দ্রব্যমূল্যের ন্যায্য মূল্য নেই, ভোটের অধিকার নেই কিংবা নেই গণতন্ত্রও। মোটকথা, দেশের মানুষ একটুও সুখ-শান্তিতে নেই।”

 

তিনি আরো বলেছেন যে- “এতো কিছুর পরও আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে- দূর্দিন কেটে গিয়ে শীঘ্রই আপনাদের জীবনে সুদিন ফিরে আসবেই। সব অন্ধকার ভেদ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভাগ্যাকাশে সোনালী সূর্য উঠাবেই। আর তার জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগীতা ও দোয়া চাই। আপনারা আস্থা রাখুন ও বিশ্বাস করুন যে- রাত খুব গভীর হয়ে গেলে ভোর ঠিক ততোটাই নিকটে থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *