বেগম খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে – চিকিৎসক

শুভ বার্তা ডেস্কঃ-
১১ জানুয়ারী ২০২২ইং, ০২:৩৮ মিনিট
ছবিঃ সংগৃহিত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও লিভারে রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে। গতকাল বেগম জিয়ার একজন চিকিৎসক দেশের গণমাধ্যমকে এসব তথ্য জানান। ঐ চিকিৎসক জানান যে- ” রক্তক্ষরণ জনিত গুরুতর সমস্যাসহ গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। হাসপাতালে নেয়ার পর তার লিভার সিরোসিস শনাক্ত হয়। এই রক্তক্ষরণ কোনোক্রমেই পুরোপুরি বন্ধ করা যাচ্ছিল না। বাইরে থেকে রক্ত ও অন্যান্য খনিজ দিয়ে তার চিকিৎসা চলছিল। পরে চিকিৎসকদের সিদ্ধান্তে বিদেশ থেকে ক্যাপসুল আনিয়ে তার ক্যাপসুল এন্ডোস্কপি করা হয়। এতে রক্তক্ষরণের উৎস হিসেবে তার ক্ষুদ্রান্তের নিচে একটি ক্ষত শনাক্ত করা সম্ভব হয়। চিকিৎসকদের চেষ্টায় দীর্ঘ সময় ধরে এন্ডোস্কপির মাধ্যমে ব্যান্ড লাইগেশন করে সে ক্ষতটি বন্ধ করা হয়। এতে করে আপাতত বেগম জিয়ার রক্তক্ষরণ বন্ধ রয়েছে। তবে এতেই তিনি ঝুঁকিমুক্ত হননি।”
এ দিকে গত রোববার রাতে বেগম খালেদা জিয়াকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনকে তার মেডিক্যালে বোর্ডের সুপারিশে কেবিনে নিয়ে আসা হয়েছে বলে জানান অধ্যাপক জনাব এ জেড এম জাহিদ হোসেন।
