রক্তিমের জ্ঞান ফেরার প্রতীক্ষায় স্ত্রী ও সন্তান!!!

শুভ বার্তা ডেস্কঃ-
১৩ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০২:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত রক্তিম শীলের জ্ঞান পাঁচ দিনেও ফেরেনি। তার পাঁজর, গলা ও দুই পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া মাথায়ও তিনি আঘাত পেয়েছেন। হাসপাতালে তার সমন্বিত চিকিৎসা চলছে। তার জ্ঞান ফেরার অপেক্ষায় আইসিইউয়ের বাইরে স্ত্রী সুমনা শর্মা শান্তা ও একমাত্র সন্তান ঋদ্ধি প্রহর গুনছেন।

একই ঘটনায় রক্তিমের পাঁচ সহোদরের প্রাণ গেছে। উল্লেখ্য যে- মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিকআপ ভ্যানের চাপায় রক্তিম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জেনারেল হাসপাতালের আইসিইউতে চার দিন ধরে তিনি চিকিৎসাধীন। হাসপাতালের মেডিসিন বিভাগ, আইসিইউ বিভাগ, নিউরো মেডিসিন, অর্থোপেডিক ও রেসপেরিটরি মেডিসিন মিলে রক্তিমের সমন্বিত চিকিৎসা চলছে।

এদিকে রক্তিমের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারটি। রক্তিমের স্ত্রী সুমনা বলেন, সরকারি হাসপাতালে তার স্বামীর চিকিৎসা হলেও প্রতিদিন ওষুধপত্র কিনতে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে। তাদের পক্ষে এত টাকার জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের সামনে তীর্থের কাকের মতো বসে আছেন সুমনা। কখন চিকিৎসক এসে জানাবেন স্বামীর জ্ঞান ফিরেছে-এমন প্রতীক্ষায় তার সময় কাটছে। সঙ্গে রয়েছে তাদের একমাত্র সন্তান ঋদ্ধিও। চার বছরের ঋদ্ধির পাঁচ দিনের বেশির ভাগ সময় কাটছে হাসপাতালের বারান্দায়। সেও তার বাবার সঙ্গে কথা বলতে ব্যাকুল হয়ে আছে। সুমনা তার স্বামীর সুস্থতা ও ন্যায় বিচারের জন্য সরকার ও দেশবাসীর প্রত্যক্ষ সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *