আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. সামিনা আক্তার
শুভ বার্তা ডেস্কঃ-
১৭ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের চিকিৎসকদের সব ধরনের চেষ্টা ব্যর্থ করে জীবনের ওপারে চলে গেলেন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ম্যানেজমেন্টের চিকিৎসক ডা. সামিনা আক্তার (৪৭)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
এক ছেলে ও এক মেয়ের মা সামিনার মৃত্যু কাঁদাচ্ছে স্বজনদের। দুপুরে তার লাশ শহরের মেহেদীবাগের বাসায় আনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- ” মঙ্গলবার রাতে রিকশায় বাসায় ফিরছিলেন ডা. সামিনা। কাজীর দেউড়ি হোটেল র্যাডিসন ব্লুর সামনে এলে তার রিকশায় পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে রিকশাসহ উল্টে রাস্তায় পড়ে যান সামিনা। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার দৃশ্য দেখা যায়।”
চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, ডা. সামিনার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে ভর্তির পর তার মাথায় অপারেশন করা হয়। তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। মাথা থেকে পা পর্যন্ত পাওয়া আঘাতগুলো বেশ মারাত্মক ছিল। এর মধ্যে মাথার আঘাত খুবই গুরুতর। এক দফা অপারেশন করা হলেও সামিনার অবস্থার কোনো উন্নতি হয়নি। বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ডা. সামিনার এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন তার সন্তানেরা, স্বামী, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও তার সহকর্মী ডাক্তারবৃন্দ। এরই মধ্যে অনেকেই ডা. সামিনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

