রাশিয়ার দাবী মেটানো না পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবেঃ সের্গেই ল্যাভরভ
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১০ মার্চ ২০২২ইং, সময়ঃ ২০:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের বিষয়ে আবারো মুখ খুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিঃ সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন যে- “রাশিয়ার দাবী মেটানো না পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে। ইউক্রেনের সাথে আমাদের আলোচনার আর কিছুই বাকি নেই। সুতরাং রাশিয়ার দাবী না মেটানো পর্যন্ত দেশটিতে হামলা চলবে।”
মিঃ সের্গেই ল্যাভরভ আরো বলেছেন যে- “ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক প্রমাণ করছে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়ার আর কিছুই বাকি নেই। আর তাই এখন একটাই কথা- রাশিয়ার দাবী মেটানো না পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে- “আমরা অন্য কোনো দেশে আক্রমণের পরিকল্পনা করিনি এবং ইউক্রেনেও আমরা আক্রমণ করিনি, আমরা সেখানে শুধু কিছু বিষয়ের সমাধান করছি। ইউক্রেনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে তা ‘রুশ ফেডারেশনের জন্য সরাসরি হুমকি’ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা শক্তি ইউক্রেনে অস্ত্র সরবরাহের মাধ্যমে বিপজ্জনক আচরণ করছে। যার ফলে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর তাই ইউক্রেনে আমাদের এই অভিযান, এটা কোন যুদ্ধ নয়।”
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলুর মধ্যস্থতায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

