ইউক্রেনের মারিওপোল শহরের একটি বাঙ্কারে আটকা পড়ে আছেন দুই বাংলাদেশী ছাত্র !!!
শুভ বার্তা ইউরোপ প্রতিনিধিঃ-
এম এ ইলিয়াস চৌধুরী
১২ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান টান টান উত্তেজনাকর যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়েছিলেন অনেক বাংলাদেশী। যাদের মধ্যে ছিলেন অনেক ছাত্র/ছাত্রী, সাধারণ মানুষ ও চাকুরীজীবীগণ।
“বাংলাদেশ দূতাবাস অব পোল্যান্ড ” এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় গত কিছুদিন আগে প্রায় ৫০০-১০০০ জন বাংলাদেশীকে ইউক্রেন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছিল। এরপরও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহরে এখনো আটকা পড়ে আছেন আরো অনেক বাংলাদেশী।
সম্প্রতি অর্থাৎ ১২ মার্চ রোজ শনিবার জার্মানির সংবাদমাধ্যম “ডয়চে ভেলে” এক প্রতিবেদনে জানিয়েছে যে- ইউক্রেনের মারিওপোল শহরের একটি বাঙ্কারে আটকা পড়ে আছেন দুই বাংলাদেশী ছাত্র। যুদ্ধের কারণে তারা সেখান থেকে বের হতে পারছেন না। আটকাপড়া দুই ছাত্রের নাম মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান। এক মাস আগে তারা ইউক্রেন যান ছাত্র ভিসায়।
জার্মানির সংবাদমাধ্যম “ডয়চে ভেলেকে” বাংলাদেশী ঐ দুই ছাত্র জানিয়েছেন যে- “এখনো ইউক্রেনের অনেক শহরে অনেক বাংলাদেশী আটকা পড়ে আছেন। যারা চেষ্টা করেও এখান থেকে বের হতে পারছেন না। এমনকি আমরাও চেষ্টা করে এখান থেকে বের হতে পারিনি। আর তাই ‘বাংলাদেশ দূতাবাস অব পোল্যান্ড’ এবং বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন রইলো যে- যেভাবেই পারেন আমাদেরকে এখান থেকে মুক্ত করে নিয়ে যান,প্লিজ। “

