আগামীকাল ১৭ এপ্রিলঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস

শুভ বার্তা ঢাকা প্রতিনিধি
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

আগামীকাল ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। সে দিন আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ায় মুজিবনগর সরকারের নেতৃত্ব ও পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের সফল পরিণতি ঘটে।

 

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার।

তবে এর আগে ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের হাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ায় তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম। সে দিন সরকারের মন্ত্রী পরিষদের আনুষ্ঠানিক শপথ ছাড়াও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়।

এ অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। প্রতিবারের মতো এবারো যথাযোগ্য মর্যাদা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *