ফরিদপুরে শনিবার বিএনপির গণসমাবেশ !!!

শুভ বার্তা ফরিদপুর প্রতিনিধিঃ-
আহসান জামিল
তারিখঃ ১১ নভেম্বর ২০২২ইং রোজ শুক্রবার
ছবিঃ সংগৃহীত

আগামীকাল অর্থাৎ ১২ইং নভেম্বর ২০২২ইং রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হবার কথা। উল্লেখ্য যে- বাংলাদেশ আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত ফরিদপুর বিভাগে শনিবার বিরাট বড় এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিএনপি।

সমাবেশ সফলে বিএনপি যেমন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ঠিক তেমনি সরকারি দলও নেতাকর্মীদের সজাগ রেখেছে। গতকাল ফরিদপুর শহরের শেখ রাসেল চত্বরে শোডাউন দিয়েছেন তারা। চলছে বাস ধর্মঘট। ফরিদপুর থেকে সারা দেশকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ধর্মঘটের কারণে ফরিদপুরের ওপর দিয়ে বরিশালগামী বাসও চলাচল করেনি। ফলে বরিশালের পাঁচ জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগও ছিল একেবারেই সীমিত।

এমন পরিস্থিতি ডিঙিয়ে ফরিদপুর বিভাগের ৫ জেলার বিএনপির নেতাকর্মীরা তিন দিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করে, যা গতকাল রাতেই হাজার বিশেক পেরিয়ে যায় বলে নেতাদের দাবি। গণসমাবেশ প্রস্তুতি কমিটির সমন্বয়ক জনাবা শামা ওবায়েদ গতকাল বিকেলে সমাবেশস্থলে দাঁড়িয়ে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “সাধারণভাবে ফরিদপুর বিভাগকে আওয়ামী লীগের দুর্গ মনে করা হলেও, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গণজোয়ার তৈরি হয়েছে। সব প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করেই কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটে লক্ষাধিক লোকের সমাবেশ হবে।”

তথ্য মতে- গত ৮ নভেম্বর ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন স্কুল মাঠে বিভাগীয় এ গণসমাবেশের অনুমতি পায় বিএনপি। তবে সমাবেশ সফলে প্রস্তুতি চলেছে আরো একমাস আগ থেকেই। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি- ফরিদপুরের আগামীকালকের গণসমাবেশটি হবে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় ও ঐতিহাসিক একটি গণসমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *